সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে জিততেই হবে, এমন সমীকরণের ম্যাচে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এতে করে সেমিফাইনালে ওঠার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রইল অ্যারন ফিঞ্চের দল।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ার্নারের অপরাজিত ৮৯ ও মার্শের ৫৩ রানের সুবাদে জয় পায় অস্ট্রেলিয়া।
জয়ের জন ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন ওয়ার্নার ও ফিঞ্চ। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা দুজন। তবে দ্রুত রান তুলতে গিয়ে ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন ফিঞ্চ। ডানহাতি এই ওপেনার করেছেন ১১ বলে ৯ রান।
তিনে নামা মার্শকে নিয়ে অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন ওয়ার্নার। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে অস্ট্রেলিয়া। সময় যত বেড়েছে ততই আধিপত্য বিস্তার করে খেলেছেন ওয়ার্নার ও মার্শ। ১০.১ ওভারে দলীয় ১০০ রান পূরণ করেন এই দুই ব্যাটার। এর আগে অবশ্য ২৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়ার্নার।
তাঁকে দারুণভাবে সঙ্গ দেয়া মার্শ হাফ সেঞ্চুরি করেছেন ২৮ বলে। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর অবশ্য দীর্ঘস্থায়ী হতে পারেননি। ৫৩ রান করে ক্রিস গেইলের বলে ফিরলেও ততক্ষণে ওয়ার্নারকে সঙ্গ দিয়ে অস্ট্রেলিয়ার জয়ে ভিত গড়ে দেন ডানহাতি এই ব্যাটার।
মার্শ ৫৩ রান করে ফিরলেও ওয়ার্নার অপরাজিত ছিলেন ৮৯ রান করে। তাতে ৮ উইকেটের সহজ জয়ে সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকল অজিদের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নিয়েছেন গেইল ও আকিল হোসেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরকার্ডে ১৫৭ রান জমা করে ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন অধিনায়ক কাইরন পোলার্ড। এ ছাড়া এভিন লুইস ২৯ ও হেটমায়ার করেছেন ২৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-ওয়ানে ৪ ম্যাচের সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে ইংলিশদের অবস্থান এখনো শীর্ষে। এদিকে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্টের সাহায্যে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।
অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ের ৬ পয়েন্ট নিয়ে অজিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে জিতলে অস্ট্রেলিয়ার সমান ৮ পয়েন্ট হয়ে যাবে তাদের। সেক্ষেত্রে গ্রুপ ওয়ানের ওপর সেমিফাইনালিস্ট নির্ধারণ করতে অবলম্বন করা হবে নেট রাটরেটের হিসাব।